টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে কৌতুক অভিনেতাকে কুপিয়ে হত্যা
রাতে মোটরসাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে কচু খেতে ফেলে যায় বলে জানায় পুলিশ।
টাঙ্গাইল সদর উপজেলার এক কৌতুক অভিনেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর এলাকার একটি কচু খেত থেকে তারা লাশ উদ্ধার করা হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান।
নিহত ৪৫ বছর বয়সি মোতালেব হোসেন ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
ওসি লোকমান হোসেন বলেন, মোতালেব কৌতুক ও আপত্তিকর টিকটক করতেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোতালেব তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
“পথে ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করে। এ সময় পালাতে গিয়ে মোতালেব পাশের কচু খেতে পড়ে যান। সেখানে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা।”
খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
