Published : 10 Jan 2026, 03:47 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম।
আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিএনপির স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ এনে ফেইসবুকে পোস্ট দেন এনসিপির এক নেতা। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি-সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে এনসিপির আহতরা হলেন- চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্র শক্তির রবিন, এনসিপি নেতা জাফের, দুলাল ও শাহাদাত।
বিএনপির আহতরা হলেন- সারওয়ার ও শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু।
পরে বিষয়টি নিয়ে এনসিপির পক্ষ থেকে স্বাক্ষরবিহীন একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এনসিপির হাফিজুর রহমানের পাঠানো এ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীর তীরে করিম বাজার এলাকার একটি পিচঢালা সড়ক কেটে ইট, বালু ও পাথর বিক্রি করছিল স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবি আলম শান্তসহ কয়েকজন।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সংঘর্ষের সময় এনসিপির অন্তত আটটি মোটরসাইকেল লুট করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে জহির উদ্দিন তুহিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানবিরের লোকজন স্থানীয়দের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছিল। এ সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতাকর্মীরা মাটি বিক্রি করছে এমন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়।
প্রতিবাদ জানালে এনসিপির লোকজন দরবেশ বাজার এলাকায় সড়কের বিভিন্ন মুরুব্বিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক জৈষ্ঠ্য সহ-সভাপতি ও বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সারওয়ার ও প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারুকে আহত করে।
হাতিয়া থানা ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।