২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

জামায়াত এখন ‘জামায়াত লীগ’ হয়ে ফিরে এসেছে: রাশেদ খাঁন

রাশেদের মতে, ‘একাত্তরের ঘাতকরা’ ও ‘চব্বিশের পরাজিত শক্তি’ এক হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 06:01 PM

Updated : 24 Sep 2026, 06:01 PM

জামায়াতে ইসলামী এখন ‘জামায়াত লীগ’ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ বলেন, “জামায়াত অতীতে কখনোই প্রধান বিরোধী দল ছিল না। একসময় তারা বিএনপির সঙ্গে জোট করেছিল, মন্ত্রিত্বের ভাগ নিয়েছিল এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছিল।”

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর কী এমন হলো যে, জামায়াতের আমির আওয়ামী লীগের সমালোচনা না করে বিএনপির সমালোচনা শুরু করলেন। বিএনপিকে ‘নব্য ফ্যাসিস্ট’ বলা, দলটি ‘জুলাইবিরোধী’ এবং ক্ষমতায় গেলে ‘আরেকটি আওয়ামী লীগ’ হয়ে যাবে- এ ধরনের বক্তব্য জামায়াতের আমির একাধিকবার দিয়েছেন।”

রাশেদের ভাষ্য, বিএনপির সঙ্গে জামায়াতের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে জামায়াতের আমির তিক্ততার দিকে নিয়ে গেছেন।

জামায়াতের ‘ছায়া প্রধানমন্ত্রী’ ও ‘ছায়া মন্ত্রিসভা’ প্রসঙ্গে তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকারের কাজে সহযোগিতা করাই তাদের দায়িত্ব ছিল। কিন্তু জামায়াতের নেতৃত্বে ‘ছায়া মন্ত্রিসভা’ রাষ্ট্র পুনর্গঠনের এই সময়ে সরকারকে সহযোগিতা না করে বিরোধিতা করছে। তারা শেখ হাসিনাকে বাংলাদেশে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী বলেন, শিবিরের নেতাদের বক্তব্যের সঙ্গে ছাত্রলীগের নেতাদের বক্তব্যের মধ্যে বর্তমানে তিনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না।

তার মতে, ‘একাত্তরের ঘাতকরা’ ও ‘চব্বিশের পরাজিত শক্তি’ এক হয়ে গেছে।