Published : 11 Jul 2026, 07:31 PM
টানা ভারি বর্ষণে শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
শনিবার ভোরে উপজেলার বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ অফিস এলাকার পেছনে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফেরদৌস মিয়া।
বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে নিলেও মাটি রয়ে যাওয়ায় যান চলাচল পুরোপুরি চালু হয়নি বলে জানান তিনি।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে ভোরে সীমান্তবর্তী সড়কে গাছসহ পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আশপাশে বসতবাড়ি না থাকায় কোনও প্রাণহানি ঘটনা ঘটেনি।
স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুধু রাস্তা বন্ধ হয়ে আছে। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফেরদৌস মিয়া বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সীমান্ত সড়কের উপর পড়ে থাকা গাছ এবং মাটি সরানো হয়।

বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, পাহাড় ধসের ঘটনায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে সড়ক থেকে মাটি ও গাছ সরিয়ে নিয়েছেন। তবে এখনো কিছু মাটি রয়ে যাওয়ায় সড়কটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। মাটি সরানোর কাজ চলমান রয়েছে।
সর্বসাধারণকে ওই সড়কে চলাচল না করে বিকল্প সড়কে দিয়ে চলাচলের জন্য অনুরোধ করেছে এই বন কর্মকর্তা।
ভারি বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে; আবার যে কোনো সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রেঞ্জ কর্মকর্তার।