Published : 29 Jun 2026, 08:07 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মাজারের বার্ষিক ওরশ ও বাউল গানের অনুষ্ঠানে কালেমাখচিত সাদা-কালো পতাকা হাতে একদল যুবক বাধা দেওয়ার চেষ্টা করেন।
এ সময় মাজারের ভক্ত ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল বাজার এলাকায় হযরত কলিমউদ্দিন শাহর (রহ.) মাজারে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কালেমা খচিত সাদা-কালো পতাকা হাতে একদল যুবক মাজারে প্রবেশ করে অনুষ্ঠান বন্ধের চেষ্টা করছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওরশ উপলক্ষে সেখানে বাউল গানের আয়োজন চলছিল। রাতে তবারক বিতরণের সময় মোটরসাইকেলে করে একটি দল সেখানে যায়।
তারা অনুষ্ঠান বন্ধের চেষ্টা করলে মাজারের ভক্ত ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ওসি সালাউদ্দিন বলেন, “শনিবার মাজারে ওরশ চলছিল। শেষ পর্যায়ে তবারক বিতরণের সময় নিজেদের ‘তৌহিদী জনতা’ পরিচয় দেওয়া কয়েকজন সেখানে বাধা দেয়। এ সময় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা সেখান থেকে চলে যায়।”
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
ওসি বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।