২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ৫৭ ঘর

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 03:42 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

গাজীপুরের কোনাবাড়ি কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির প্রায় ৫৭টি ঘর।

মঙ্গলবার রাত ১২টার দিকে লাগা এ আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে আনে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান।

এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন বলেন, “কোনাবাড়ির আমবাগ এলাকায় একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে বসবাস করতেন। মঙ্গলবার রাতে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

“রাত ১২টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ যোগ দেন। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি বলেন, ততক্ষণে দুটো কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।