১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক

“তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার প্রতিনিধি ও টেকনাফ প্রতিনিধি

Published : 16 Aug 2024, 06:58 PM

Updated : 01 Sep 2026, 10:55 AM

এক নজরে

“তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।”

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার ভোরে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

আটকরা হল-উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৭ ব্লকের মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের সাবের আহম্মদের ছেলে মোহাম্মদ নুর (২৭) এবং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের মোহাম্মদ জাফর এর ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ইকবাল বলেন, “শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের জন্য অস্ত্রসহ অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৪-৫ জন সন্দেহজনক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।

“এ সময় ধাওয়া দিয়ে তিন জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের শরীরে তল্লাশি করে দেশিয় তৈরি ৩টি বন্দুক ও ৯টি গুলি পাওয়া যায়।”

আটকরা চিহ্নিত সন্ত্রাসী জানিয়ে এপিবিএন পুলিশের এ কর্মকর্তা বলেন, “তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।”