Published : 03 Sep 2025, 11:42 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘রাজধানী পরিবহনের’ ২৮টি বাস আটকে রেখেছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ‘আমরাই জাহাঙ্গীরনগর’ নামের একটি ফেইসবুক গ্রুপে ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই পোস্ট করে জানিয়েছেন।
লোকপ্রশাসন বিভাগের চুতুর্থ বর্ষের এ শিক্ষার্থী পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
ওই ছাত্রীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে ‘রাজধানী পরিবহনের’ একটি বাসে উঠছিলেন তিনি। বাসে ওঠার সময় চালকের সহকারী তার গন্তব্য জানতে চান। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে ঘটনাটি জানাজানি হলে রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে আঘাত পেয়েছি। এর সুষ্ঠু বিচার চাই।”

বাস কেন আটক করা হয়েছে জানতে চাইলে হালিমার সহপাঠী লোকপ্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে।
তাদের দাবি, চালকের যে সহকারী ধাক্কা দিয়েছে তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এ ছাড়া পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে অত্যন্ত ন্যক্কারজনক বলেছেন।
তিনি বলেন, “একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা দুঃখজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে।”
“বাসের মালিকপক্ষ বুধবার আসবেন বলে শুনেছি। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”