নোয়াখালীতে প্রবাসী যুবকের বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৮
মঙ্গলবার রাজুর গায়ে হলুদ, এর আগে সোমবার দুপুরে ময়লা ফেলা নিয়ে একই এলাকার কয়েকজনের সঙ্গে বাক বিতণ্ডা হয় বিয়ে বাড়ির লোকদের।
নোয়াখালী সদরে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যে ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুবাই প্রবাসী এক যুবকের বাড়িতে হামলা হয়েছে।
এতে নারী, শিশুসহ একই পরিবারের আটজন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিয়ের গেইট-প্যান্ডেল।
সোমবার বিকালে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম।
হামলায় আহতরা হলেন, দুবাই প্রবাসী যুবক রাজু হোসেনের বাবা আবদুল হক মাস্টার (৭০), মা ফেরদৌসী বেগম (৫৫), ছোট ভাই আজাদ হোসেন (২০), বড় বোন সুমি (২৮), শারমিন (২৬), ভাগিনা রাফসান (৮), ভাগনি আয়েশা (৪) ও লিজা (২)।
এর মধ্যে রাজুর বাবা, মা, ভাই ও দুই বোনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুবাই প্রবাসী রাজুর বিয়ে, মঙ্গলবার গায়ে হলুদ। এ উপলক্ষে বোন, বোন জামাই, ভাগিনা-ভাগনিসহ আত্মীয় স্বজনরা ওই বাড়িতে অবস্থান করছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, সোমবার দুপুরে ময়লা ফেলা নিয়ে একই এলাকার কয়েকজনের সঙ্গে বাক বিতণ্ডা হয় বিয়ে বাড়ির লোকদের।
এ নিয়ে হামলার আশঙ্কা তৈরি হলে রাজুর পরিবার ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দুইপক্ষকে ডেকে বিয়ের অনুষ্ঠানের পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত দিয়ে ফিরে যান।
কিন্তু বিকালেই দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ রাজুদের বাড়িতে হামলা চালায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার বলেন, রাত ৮টার দিকে গুরুতর আহত ৫ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়ে। তাদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে আন্তঃবিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আরো একজনেকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
তারা সবাই এখন আশকামুক্ত বলে জানান তিনি।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
