১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামের লেবাসধারীরা ছাত্রদের দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

“আজকে দুয়েকটি সংগঠন, ইসলামী লেবাসধারী একটা-দুইটা, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা… এদেরকে দিয়ে নানাভাবে কথা বলাচ্ছে।”

ইসলামের লেবাসধারীরা ছাত্রদের দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোমবার বিএনপির ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 12:10 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ইসলামের নামে ‘লেবাসধারীরা’ ছাত্রদেরকে দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাম উচ্চারণ না করে এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর তুমুল সমালোচনা করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “আওয়ামী লীগের চরিত্রতো সবাই জানে, আওয়ামী লীগ মানেই লুটপাটের দল। কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলেন, তারা শেখ হাসিনার সাথে ১৯৮৬ সালে নির্বাচনে গেছেন না? তারাও বলেছিলেন, ‘এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান’। 

“হাসিনাও বলেছে, তারাও বলেছে। তাহলে এটা কোন ধরনের ইসলাম? আল্লাহর ইসলাম, প্রিয় নবীর ইসলাম তো অঙ্গীকার ভঙ্গ না করা, সত্যের পথে থাকা। অথচ ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা তাদের ছাত্রদেরকে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।”

রিজভী বলেন, “অপপ্রচার করেও যখন কাজ হচ্ছে না, তাই কারও কারও তাবেদারি করার চেষ্টা করছে। কারও কারও তাবেদার শেখ হাসিনা ছিল, এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছে তারা “

এদেশের মুসলিম জনগোষ্ঠী ‘বিএনপিকে চায়’ দাবি করে তিনি বলেন, “কারণ, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম কে যুক্ত করেছিলেন? আপনারা কি ভুলে গেছেন?”

বিএনপি ১৬ বছর জনগণের ‘শুভেচ্ছা ও শক্তিতে একটা বিরাট দানব, রাক্ষস, একটা রক্তপিপাসুর বিরুদ্ধে লড়াই করে’ টিকেছিল মন্তব্য করে রিজভী বলেন, “যারা অন্যায়ের সঙ্গে আপস করতে জানে না, তাদের সঙ্গে লোকজন থাকে, তারই প্রমাণ এই জনসমাবেশ। অথচ বিএনপির বিরুদ্ধে কত অপপ্রচার, ষড়যন্ত্র ও কুৎসা রটানো হচ্ছে।”

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোমবার বিএনপির ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোমবার বিএনপির ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী।

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে নির্মমভাবে হত্যায় জড়িত যুবদল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে রিজভী বলেন, “বিএনপির এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কোনো দিক দিয়ে দুয়েকটা দুষ্কৃতকারী ঢুকতে পারে। বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির নাম বিক্রি করে দু-একজন দুষ্কৃতকারী থাকতে পারে। কিন্তু তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়নি। সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বহিষ্কারের পাশাপাশি মামলাও দেওয়া হয়েছে।

“কিন্তু আজকে দুয়েকটি সংগঠন, ইসলামী লেবাসধারী একটা-দুইটা, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা… এদেরকে দিয়ে নানাভাবে কথা বলাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি বিএনপি কাউকে আশ্রয় বা প্রশ্রয় দেয়, তাহলে আপনারা কথা বলতে পারতেন। কিন্তু এটা তো দিচ্ছে না।”

‘মব জাস্টিস’ সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে মন্তব্য করে এ বিএনপির নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, কই আমরা কখনও মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে।”

এ সময় তিনি ছাত্রদল নেতা সাম্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জ্বলকে হত্যার কথাও সামনে আনেন।

রিজভী বলেন, “ছাত্রদলের নেতা সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। এইটা দেখেনি মানুষ? একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমনভাবে পিটুনি দেওয়া হলো যে, সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এগুলো কারা করেছে?

“আজকে বড় বড় কথা বলছেন অনেকে, আর কুৎসা রটাচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, মামলা দিয়ে প্রশাসনকে সহযোগিতা না করত, তাহলে ভিন্ন কথা ছিল। বিএনপি সেই দল, যারা এদেশে শান্তির সুবাতাস বইয়েছে।”

রূপগঞ্জ উপজেলা বিএনপির এ আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

পরে রুহুল কবীর রিজভী বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।