জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের এক লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামে গভীর নলকূপের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম।
নিহত আবু সাইদ (৬৫) ওই গ্রামেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপের লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি আব্দুল করিম বলেন, বৃহস্পতিবার রাতেও দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। শুক্রবার সকালে তার পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
