১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৩ ঘণ্টার প্যারোলে এসে স্ত্রীর জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন মানবতাবিরোধী অপরাধসহ অন্তত ৩৯টি মামলায় কারাবন্দি আসামি নারায়ণগঞ্জের যুবলীগ নেতা মতিউর রহমান মতি।

শনিবার দুপুরে জোহর নামাজের পর সিদ্ধিরগঞ্জের আইলপাড়া মাদরাসা মাঠে পুলিশি পাহারায় জানাজার নামাজে এ যুবলীগ নেতা অংশ নেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা বলেন, ৫৫ বছর বয়সী মতিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে হতাহতের ঘটনা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ এবং দুর্নীতির অভিযোগে অন্তত ৩৯টি মামলার আসামি ছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান পালিয়ে গেলেও চলতি বছরের ১৩ জানুয়ারি ভোরে রাজধানী থেকে গ্রেপ্তার হন মতিউর এবং তার ছেলে মশিউর রহমান।

ছেলে মশিউর জামিনে মুক্তি পেলেও মতিউর নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।

মতিউর রহমানের পরিবারের সদস্যরা জানান, তার স্ত্রী ৪৮ বছর বয়সী রোকেয়া রহমান শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের মাধ্যমে স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য তিন ঘণ্টার প্যারোল পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার নামাজের আগে সবার সামনে সংক্ষিপ্তভাবে কথা বলারও সুযোগ পান তিনি। এ সময় তিনি সদ্য প্রয়াত স্ত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার সময় তাকে কান্নাকাটি করতেও দেখা যায়।

জেলার ফেরদৌস মিঞা বলেন, “আসামিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার কারা হেফাজতে নেওয়া হয়েছে।”