১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যায় জামিনে বেরিয়ে রাতেই অস্ত্র নিয়ে ফের ডাকাতিতে

রাকিবুল ও সোহাগ মঙ্গলবার সন্ধ্যার দিকে জামিনে কুমিল্লা কারাগার থেকে বের হয়েছিলেন।

সন্ধ্যায় জামিনে বেরিয়ে রাতেই অস্ত্র নিয়ে ফের ডাকাতিতে
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

কুমিল্লা নগরীতে অস্ত্র-গুলিসহ তিন ‘ডাকাতকে’ গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার মধ্যরাতে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

এরা হলেন- ৪০ মামলার আসামি খায়রুল হাসান, ১৬ মামলার আসামি রাকিবুল হাসান রিয়াদ এবং ১৪ মামলার আসামি সোহাগ মোল্লা।

এর মধ্যে রাকিবুল ও সোহাগ মঙ্গলবার সন্ধ্যার দিকে জামিনে কুমিল্লা কারাগার থেকে বের হয়েছিলেন। বেরিয়েই তারা ডাকাতির কাজে আবার জড়িয়ে পড়েন বলে জানান জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।

বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে যানবাহনে সন্দেহজনক যাত্রীদের তল্লাশি চলানো হয়। মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই মো. খাজু মিয়া কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোড গামী একটি অটোরিকশায় তল্লাশি করেন। 

“এ সময় অটোরিকশায় থাকা যুবক পুলিশি তৎপরতা বুঝতে পেরে গুলি চালানোর চেষ্টা করেন। পরিস্থিতি টের পেয়ে অন্যান্য পুলিশ সদস্যরা ওই তিন সন্ত্রাসীকে ঘিরে ফেলে এবং আটক করে। পরে তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ।”

পুলিশ সুপার বলেন, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা গরু ব্যবসায়ীদের টার্গেট করেছিল। খায়রুল এক মাস আগে জামিনে বেরিয়েছেন।

খাইরুল হাসান (৩০) সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর এলাকার, রাকিবুল হাসান রিয়াদ (২৮) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ননের বাহরূপা এলাকার এবং সোহাগ মোল্লা (৩৫) চাঁদপুর মতলব উত্তর উপজেলার নয়াকান্দি মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা।