১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারী সহকর্মীর অভিযোগে পদ হারালেন যশোরের ছাত্রলীগ নেতা

একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

নারী সহকর্মীর অভিযোগে পদ হারালেন যশোরের ছাত্রলীগ নেতা
যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 06:18 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

সংগঠনের একজন নারী সহকর্মীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতারণার অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস এবং সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার অব্যহতির বিষয়টি জানানো হয়। 

একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হয়েছে বলেও মঙ্গলবার জানান জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস।  

তিনি বলেন, “সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলামে অব্যহতি দেওয়া হয়েছে।” 

১৯ জুন ছাত্রলীগের এক নারী কর্মী জেলা ছাত্রলীগ নেতৃত্বের কাছে তরিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে বলা হয়, আড়াই বছর ধরে তরিকুল ইসলামের সঙ্গে তার সখ্যতা। তরিকুল ও তিনি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন। এর মধ্যে তরিকুল পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তরিকুলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই নারী ছাত্রলীগ কর্মী বলেন, “ছাত্রলীগের দাপট দেখিয়ে তরিকুল আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে।”

এ বিষয়ে কথা বলতে তরিকুল ইসলামের মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।