১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

২০২২ সালের ২৮ জানুয়ারি রাতে স্মৃতিকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান পিপি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 06:45 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

ফরিদপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন।

দণ্ড পাওয়া শাহীন মীর মালত (৩৪) উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আজাহার মণ্ডল গ্রামের বাসিন্দা।

পিপি গোলাম রব্বানী বলেন, ২০১৯ সালে উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সাঘা বিশ্বাসের ডাঙ্গী গ্রামের ফারুক মাতুব্বরের মেয়ে স্মৃতি আক্তারকে (২২) সঙ্গে শাহীনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে সন্তান রয়েছে।

“বিয়ের পর শাহীন মাদকাসক্ত হয়ে পড়েন। এর মধ্যে যৌতুকের দাবিতে স্মৃতির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন শাহীন। মেয়ের কথা চিন্তা করে ২০২১ সালে প্রায় এক লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর শাহীন আরও তিন লাখ টাকা দাবি করেন।”

তিনি বলেন, ২০২২ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় স্মৃতিকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে লাশ চৌকিতে ফেলে রেখে পালিয়ে যান শাহীন।

খবর পেয়ে পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় স্মৃতির বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল শাহীনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার তৎকালীন এসআই সুজন বিশ্বাস। 

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী।