১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ মিলল বোট ক্লাবের লেকে

সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বগুড়ায় নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ মিলল বোট ক্লাবের লেকে
হাসিন রাইহান সৌমিক।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 12:37 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

নিখোঁজের তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক

লাশ উদ্ধার হওয়া হাসিন রাইহান সৌমিক (৩০) বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে তারা শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। 

সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সৌমিক বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়েছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন, বন্ধ ছিল তার মোবাইল ফোন।

তারপর থেকেই পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই মিলে দিনরাত খুঁজেছেন তাঁকে। পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

এর মধ্যে রোববার লেকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

ওসি আরও বলেন, সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।