Published : 18 Jan 2026, 01:30 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।
নিহত ৩২ বছর বয়সী মো. আলী তিনি ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের খালটিতে ড্রাম ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা থানায় খবর দিলে পুলিশ ড্রামটি তীরে এনে খোলার পর ভেতরে মরদেহ পাওয়া যায়।

ওসি আব্দুল বারিক বলেন, “নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি পাওয়া গেছে। এছাড়া নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন দেখা গেছে।”
আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর লাশ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”