Published : 10 May 2026, 11:19 PM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং বন্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক করে নোটিস দিয়েছেন প্রধান শিক্ষক।
আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল হোসেন এ নোটিস দেন। নোটিসের চার দিন পর রোববার বিষয়টি জানাজানি হয়।
প্রধান শিক্ষক বলেন, নোটিসে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ শিক্ষক স্বাক্ষর করেছেন।
বদরুল হোসেন বলেন, “গত বছরও একবার নোটিস দেওয়া হয়েছিল। এরপরও কোচিং পুরোপুরি বন্ধ হয়নি। এজন্য আবারও নোটিস দেওয়া হয়েছে।”
নোটিসে বলা হয়, শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বন্ধে সরকার ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা দেয়। শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে মনোযোগী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও বিদ্যালয়ের কিছু শিক্ষক তা অমান্য করে কোচিং চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক এই কোচিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
নোটিসে বলা হয়, নির্দেশ অমান্য করলে শিক্ষকদের বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়ার কথাও বলা হয়েছে।
তবে সরকারি বিধি অনুযায়ী দুর্বল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে অতিরিক্ত ক্লাস নেওয়ার সুযোগ থাকবে। এসব ক্লাস সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ও রেকর্ড করা হবে।