Published : 27 Feb 2026, 02:50 PM
সরকারি সহায়তায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
তিনি বলেছেন, কোনো স্বচ্ছল ব্যক্তি যদি গরীবের ফ্যামিলি কার্ড বা প্রতিবন্ধী ভাতা ভোগ করে তবে স্থানীয়দের উচিত হবে সরাসরি ইউএনও’র কাছে অভিযোগ করা।
শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আয়োজিত এক পথসভায় প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, “দেশের পিছিয়ে পড়া অস্বচ্ছল পরিবারগুলোকে সমাজে এগিয়ে নিতে সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড সুবিধার যদি কোন স্বচ্ছল ব্যক্তি পেয়ে থাকেন, তাহলে জনগণকে ইউএনও কাছে স্বচ্ছল ব্যক্তির ফ্যামিল কার্ড বাতিলের অভিযোগ দেওয়ার আহ্বান জানাই।
“সরকারের যে সামাজিক সুরক্ষা মূলক কার্যক্রম। এই যে ঈদের আগে ভিজিভি, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা-আপনারা এই কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়।”
তিনি বলেন, “দেখা যায়, প্রতিবন্ধী ভাতা পায় ভালো মানুষ, স্বচ্ছল মানুষ পায়। এখন আপনারা ইউএনওকে বলবেন, এই লোক ভালো মানুষ; স্বচ্ছল মানুষ। তার ভাতা পুর্নবিবেচনা করবেন। সরকারের চিন্তা ভাবনা হচ্ছে, মানুষের জন্য কাজ করা। মানুষের সমর্থন ধরে রাখা।”
ক্ষমতার প্রভাবে আপনাদের স্বভাব-চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনে মানুষ পাল্টা জবাব দেবে বলে সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূর।
তিনি বলেন, “আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। এখন স্থানীয় নির্বাচনে আবার ভোট চাইতে যাবেন। এখন আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনেও কিন্তু মানুষ আবার একটা জবাব দেবে।”
“আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে।”
এ সময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।