২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নতুন নোটের সালামিতে সরকারি শিশু পরিবারে ঈদের আনন্দ

জেলা প্রশাসক বৃদ্ধাশ্রম, সেইভ হোম ও সুরক্ষা বঞ্চিত সেন্টার প্রদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 09:50 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম ঈদের নামাজ শেষে ছুটে যান সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারের কিশোর-কিশোরীদের পাশে।

সেখানে তিনি দরিদ্র ও এতিম কিশোর-কিশোরীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় সেখানকার শতাধিক শিশুর হাতে ঈদের সালামি হিসেবে নতুন টাকার নোট দেন জেলা প্রশাসক। 

সালামি পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। 

জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝেও সেই আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এ ক্ষুদ্র প্রয়াস।”

তিনি বলেন, “আমার আহ্বান থাকবে, যারা বিত্তবান আছেন বছরের বিশেষ বিশেষ দিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই জাতীয় সহযোগিতার মধ্য দিয়ে যেমন সৃষ্টিকর্তার নৈকট্য লাভ সম্ভব, তেমনি সামান্য একটু সহানুভূতিতেই অসহায় মানুষদের খুশি করা সম্ভব।” 

এ সময় সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পানু মোল্লা, জেলা সমাজসেবা অধিদপ্তরের মাজহারুল ইসলাম, শেখ মো. সুজা উদ্দিন রাশেদ উপস্থিত ছিলেন।

এদিন জেলা প্রশাসক বৃদ্ধাশ্রম, সেইভ হোম ও সুরক্ষা বঞ্চিত সেন্টার প্রদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।