১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাটোরে হেলে পড়া খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শুক্রবার বিকালে ঘাস কাটার জন্য বের হয়েছিলেন নজির। কিন্তু বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাঁখুজি করেও তার সন্ধান পায়নি।

নাটোরে হেলে পড়া খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যুর পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

নাটোরের গুরুদাসপুরে নাটোরে পল্লী বিদ্যুতের হেলে পড়া খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের নাজিরপুরের রানীনগর পুকুরপাড় এলাকার থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ওসি মো. আসমাউল হক। 

নিহত মো. নজির ইসলাম (৪৫) গুরুদাসপুরের নাজিরপুর ইউপির দেবতৈর গরিলা এলাকার প্রয়াত ফজর আলীর ছেলে। 

স্থানীয়দের বরাতে আসমাউল হক বলেন, শুক্রবার বিকালে ঘাস কাটার জন্য বের হয়েছিলেন নজির ইসলাম। কিন্তু বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাঁখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে সকালে স্থানীয়রা তার মৃতদেহ পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখে।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, পুকুরের পাড়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়েছিল। পুকুর পাড়ে ঘাস কাটার সময় সেই খুঁটির মূল লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান নজির ইসলাম।

ওসি আসমাউল বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, এরপর ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

স্বজনেরা এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। 

এ বিষয়ে জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুকুর সংস্কারের কারণে খুঁটিটা যে ওখানে হেলে তার নিচে পড়েছিল, তা আমরা জানতাম না। আজকে দুর্ঘটনার পরে আমরা বিষয়টা জানতে পেরেছি।” 

“এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে”, যুক্ত করেন তিনি।