Published : 18 Mar 2026, 11:31 PM
আগামী পাঁচ বছর ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সাত হাজার কিলোমিটার খাল খনন করার কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নির্বাচনি ইশতেহারে খাল খনন নিয়ে বিএনপির প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেছেন, “আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার। এর মধ্যে শুধু ত্রাণ মন্ত্রণালয়ের অধীনেই সাত হাজার কিলোমিটার খাল খনন করা হবে।”
বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ‘বড়ুয়া খাল’ খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চলতি বছর ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এক হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে জানিয়ে দুলু বলেন, “খালগুলো খনন করা হলে এর উপরিভাগের পানিতে মাছ চাষ ও কৃষি কাজ করা যাবে। এ ছাড়া খালের পাড়ে বনায়ন করে এলাকাটি দৃষ্টিনন্দন করা হবে। এ বনায়ন ও মাছ চাষের লভ্যাংশ ভোগ করবেন স্থানীয় হতদরিদ্র মানুষ।”
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী কোদাল হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন; যার মাধ্যমে সারাদেশে বিশাল এক কর্মযজ্ঞ শুরু হয়েছে বলে জানান ত্রাণমন্ত্রী।
খাল খনন কর্মসূচি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনার অংশ জানিয়ে দুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে সারাদেশে ঘুরে ঘুরে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। এটি মূলত তার নেওয়া একটি প্রকল্প; যা আমরা বাস্তবায়ন করছি।”
উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।