ভোলা প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি, নেতৃত্বে তুহিন-আফজাল
এই কমিটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন বরবে।
ভোলা প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটিতে এম এ আহাদ চৌধুরী তুহিনকে আহ্বায়ক এবং আফজাল হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ কমিটির ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ এম হেলাল উদ্দিন, সদস্য মোকাম্মেল হক মিলন ও মো. মোতাছিন বিল্লাহ।
এদিন সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আহ্বায়ক আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যরা ছাড়াও বক্তব্য দেন জুন্নু রায়হান, নাসির লিটন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ভোলা প্রেসক্লাব নিয়ে সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়াচ্ছিল। আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সব ধরনের বিভেদ ও বিভ্রান্তির অবসান হল।
কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী তুহিন বলেন, “এরই মধ্যে প্রেসক্লাবের যাদের সদস্যপদ বাতিল কিংবা স্থগিত করা হয়েছিল তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে এই কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে।”
