১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দেশে সারের কোনো সংকট নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

“ঋণের কারণে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। ঋণ মওকুফের মাধ্যমে তারা এখন সেই বোঝা থেকে মুক্তি পেলেন।”

দেশে সারের কোনো সংকট নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচ হাজার ৮৯০ কৃষককে কৃষি ঋণ মওকুফের সনদপত্র বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 07:19 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

দেশে সারের কোনো সংকট নেই বলে কৃষকদের আশ্বস্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, “দেশে সারের কোনো সংকট নেই। এরপরও কেউ যদি সারের সংকট তৈরি করেন, তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।”

রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রান্তিক পাঁচ হাজার ৮৯০ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকার কৃষকদের নিয়ে চিন্তা করেনি। তারা শুধু ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। বর্তমান সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়। 

“জিয়াউর রহমান দেশে ইরি ধান চাষের প্রসার ঘটিয়েছিলেন। পরে বেগম খালেদা জিয়াও পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিলেন। আমরা ঋণ মওকুফের ক্ষেত্রে কোনও দলমত বিবেচনা করিনি।

অনুষ্ঠানে ফরহাদ হোসেন আজাদ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের হাতে ঋণ মওকুফের সনদ তুলে দেন। পাশাপাশি প্রত্যেক কৃষককে পাঁচটি করে গাছের চারা বিতরণ করেন।

ফরহাদ হোসেন বলেন, “ঋণের কারণে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। ঋণ মওকুফের মাধ্যমে তারা এখন সেই বোঝা থেকে মুক্তি পেলেন। সামান্য ঋণের কারণে কোনো কৃষক যেন উৎপাদন থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের মূল লক্ষ্য।”

প্রতিমন্ত্রী বলেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। যার সুফল পাচ্ছেন বোদার কৃষকরা।

পঞ্চগড়ে সার, বীজসহ কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে; যাতে কৃষকরা নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেন বলে জানান তিনি।  

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আবু সাঈম বক্তব্য দেন। এ ছাড়া বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং কয়েক হাজার কৃষক অংশ নেন।