পদ্মাপাড়ে পর্যটকের ওপর হামলা চালিয়ে মোবাইল-টাকা ‘লুট, আটক ৪
পুলিশ বলছে, ৬-৭ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে বেড়াতে আসা এক পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় করা মামলায় তাদের আদালতে পাঠানো হয় বলে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন।
আটকরা হলেন- হরিরামপুরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সাগর (২১), দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)।
ওসি আফজাল বলেন, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে হরিরামপুর উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে বেড়াতে যান নাঈম মোল্লা। এ সময় ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা লুট করে নেয়।
“বিকালে হরিরামপুর থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন নাঈম। এ ঘটনায়একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে পুলিশ।”
এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
