সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক
ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উত্তর-পূর্বের জেলা সুনামগঞ্জের ছাতকে মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে আশপাশের জেলাগুলোতেও।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।
“এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ছাতক। মাত্রায় মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।’’
ঘন ঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫টা ৩২মিনিটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প হয়। সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
তার আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়। ৩ মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে অনুভূত হয়।
