১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ৪০ হাজার ডলার চুরি করে ফরিদপুরে ধরা

ওই যুবকের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ডলারগুলো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:10 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ঢাকায় এক ইঞ্জিনিয়ারের বাসায় কাজ করতে গিয়ে ‘৪০ হাজার’ ইউএস ডলার চুরি করে ফরিদপুরের ভাঙ্গায় পালিয়েও শেষ রক্ষা হলো না যুবকের।

শুক্রবার অভিযান চালিয়ে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান ভাঙ্গা থানার এসআই মনির হোসেন।

পরে আটকের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধারের দাবি করেছে পুলিশ।

আটক মেহেদী হাসান তামিম (২৭) ওই গ্রামের প্রয়াত আলতাফ কাজীর ছেলে।

এসআই মনির হোসেন বলেন, “মেহেদী ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। বুধবার বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যান তিনি। 

“কাজের ফাঁকে কৌশলে বাসায় রাখা ৪০ হাজার (ইউএস) ডলার চুরি করেন মেহেদী; যা টাকায় প্রায় ৪৭ লাখ। ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন তামিম।”

পরে তৌহিদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয় বলে জানান তিনি।

আটকের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধারের দাবি করেন এসআই মনির হোসেন।

এ ঘটনায় আটক মেহেদীর বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।