Published : 29 Jul 2025, 08:46 PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বসত বাড়ির দখলে নিতে এক বৃদ্ধাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার বিকালে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম।
আহত ৭৮ বছর বয়সি ধন মিয়াকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কথা হয় ধন মিয়ার সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ আর দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে। সাত পোলারে সাতটা বাড়ি কইরা দিছি। কাউরে বঞ্চিত করি নাই।”
তিনি বলেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি আলাদা বাড়িতে থাকেন ধন মিয়া। কিন্তু প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া সেই বাড়িটিও দখলের পাঁয়তারা করছিলেন। এর মধ্যে মাসুককে যে বাড়িটি নির্মাণ করে দেওয়া হয়েছিল, সেখানে না থেকে তিনি জোর করে বাবার বাড়ির অর্ধেক দখল করে নেন। এমনকি পুরো বাড়িটি দখলের জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন তিনি।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে ধন মিয়া বলেন, “সকালে বাড়ি দখলের বিষয় নিয়া ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে বাড়ির পাশে মসজিদের সামনে একা পাইয়া সে আমার ওপর দা নিয়া ঝাঁপিয়ে পড়ে। আমার হাত-পায়ে কোপাইতে থাকে। মাটিতে পইড়া গেলে আশপাশের মানুষ ও অন্য ছেলেরা আমারে হাসপাতালে নিয়ে যায়।”
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া বলেন, ওই বৃদ্ধের হাত ও পায়ের একাধিক হাড় ভেঙে গেছে। ধারালো অস্ত্রের আঘাতে একটি হাত ও একটি পায়ের রগ বিচ্ছিন্ন হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মাসুক মিয়ার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
ধন মিয়ার ছেলে কাউছার মিয়া বলেন, “মাসুক একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে পুলিশের গাড়িতে ডাকাতি ও হত্যা চেষ্টাসহ হবিগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে। প্রাণ ভয়ে আমিও বাড়ি ছেড়ে চলে গেছি।”
ওসি আজহারুল ইসলাম বলেন, “একজন বৃদ্ধ বাবাকে তার সন্তান এভাবে মেরেছে, এটা খুবই দুঃখজনক। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”