১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদিবাসী হয়ে আমরা যেন অপরাধ করেছি: জেএসএস নেতা ঊষাতন

অতীতে যারা সরকারে এসেছেন, কেউ আদিবাসীদের অধিকার ও স্বীকৃতি দিতে চাননি এবং দেননি বলে ক্ষোভ প্রকাশ করেন জনসংহতি সমিতির এই নেতা।

আদিবাসী হয়ে আমরা যেন অপরাধ করেছি: জেএসএস নেতা ঊষাতন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার সামনে আলোচনা সভায় বক্তব্য দেন জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আদিবাসী হয়ে আমরা যেন অপরাধ করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন জনসংহতি সমিতি-জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার।

তিনি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এক ভাষণে যখন আদিবাসীদের কথা বলেন। তখন বাংলাদেশের অনেক জনগণ চেঁচিয়ে ওঠেন।

“তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবি তোলেন। প্রধান উপদেষ্টা আদিবাসী বলে যেন অপরাধ করে ফেলেছেন! তেমনি আজকে আমরাও আদিবাসী হয়ে যেন অপরাধ করে ফেলেছি।”

শনিবার দুপুরে রাঙামাটি পৌরসভার সামনে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ঊষাতন তালুকদার বলেন, “সারা বাংলাদেশে এক ধরনের শাসন ব্যবস্থা আর পার্বত্য অঞ্চলে আরেক ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। যার কারণে আজকে আমাদের চলাফেরার নিরাপত্তা নেই, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, নিপীড়ন ও শোষণের করুন ইতিহাস। 

“কাজেই আমাদের অস্তিত্ব, আত্মপরিচয়, অধিকার ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে সংগ্রামে ও লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে এগিয়ে আসতে হবে।”

অতীতে যারা সরকারে এসেছেন, কেউ আদিবাসীদের অধিকার ও স্বীকৃতি দিতে চাননি এবং দেননি বলে ক্ষোভ প্রকাশ করেন জনসংহতি সমিতির এই নেতা।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান এবং আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ইন্টু মণি তালুকদার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাষ্ট্র আদিবাসীদের স্বীকৃতি দিতে না চাইলেও জাতিসংঘ আদিবাসীদের স্বীকৃতি দিয়েছে। আদিবাসীদের নিজস্ব ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি থাকা শর্তেও তাদের ক্ষুদ্র জাতিসত্তা ও উপজাতি বলা হচ্ছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তারা।

সকালে আলোচনা সভা শুরুর আগে বেলুন উড়িয়ে আদিবাসী দিবস অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আদিবাসীদের বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।

আলোচনা শেষে দুপুরে রাঙামাটি পৌরসভার সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ নিজ সংস্কৃতি তুলে ধরেন।