ফরিদপুরে ট্রেনের ধাক্কায় জমজ শিশুর মৃত্যু
এ ঘটনায় রেল আটকে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় জমজ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেল আটকে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার লক্ষণদিয়া রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান।
নিহত চার বছর বয়সি তাহমিদ ও তায়িদ লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটি মধুখালী রেলস্টেশন পার হওয়ার সময় দুই শিশুকে ধাক্কা দেয়। এতে শিশু দুটি অন্তত ৫০ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, রেল গেইট এলাকার উভয় পাশে অবৈধ স্থাপনা এবং রেল ক্রসিংয়ে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় মাঝেমধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে রেলগেট স্থাপন করে কর্মচারী নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে তারা রেল সড়ক অবরোধ করে রাখেন।
সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিক্ষুব্ধ মানুষকে শান্ত করা হয়। বিকাল পৌনে পাঁচটার দিকে ভাটিয়াপাড়া থেকে ট্রেনটি ফেরার পথে আটক করে এলাকাবাসী।
ওই এলাকায় একটি গেইট স্থাপনের ব্যাপারে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করার আশ্বাস পেলে আন্দোলনকারীরা ট্রেনটি ছেড়ে দেয় বলে জানান তিনি।
