Published : 24 Jan 2026, 10:08 AM
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেখান থেকে অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ওসি ফকির তাইজুর রহমান।
অভিযানে আটক বাদল সরকার (৫২) ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন। অভিযানের পর তাকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি ফকির তাইজুর রহমান বলেন, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।