১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অমতে বিয়ে: বাবার বাড়িতে কিশোরীর ‘আত্মহত্যা’

দুই মাস আগে বাবার বাড়ি আসার পর আর ফেরেনি সে।

অমতে বিয়ে: বাবার বাড়িতে কিশোরীর ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 04:53 PM

Updated : 12 Dec 2022, 04:53 PM

বরিশালের গৌরনদীতে বাবার বাড়ি থেকে এক কিশোরী বধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে গৌরনদী পৌর এলাকার বাবার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহত ১৪ বছর বয়সী বর্ষা আক্তার ওই এলাকার ভ্যানচালক সাইদুল মালোর মেয়ে এবং গৌরনদী গালর্স স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো।

পরিদর্শক হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় মাস আগে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ইমাম হোসেন রনির সঙ্গে বর্ষার পারিবারিক ভাবে বিয়ে হয়। এ বিয়েতে বর্ষার মত ছিলো না।

দুই মাস আগে মেয়েটি বাবার বাড়ি আসার পর আর শ্বশুর বাড়ি ফিরতে চায়নি। সকালে এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে বর্ষার তর্ক হয়।

পরে বাবা ও মা বেরিয়ে গেলে ফাঁকা ঘরে বর্ষা আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

হেলালউদ্দিন আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।