কলেজশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে
রাজশাহীর বাগমারায় কলেজশিক্ষককে গুলি হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পৌর আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।
এ নিয়ে রোববার রাতে উপজেলার নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ওই শিক্ষক) গোলাম সারোয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান।
অভিযুক্ত আবুল কালাম আজাদ উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কলেজশিক্ষক গোলাম সারোয়ার বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
সারোয়ার বলেন, “রোববার দুপুরে মেয়র আবুল কালাম আমাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। স্থানীয় সংসদ সদস্যের চামচামি করছি দাবি করে কৈফিয়ত চান। ভবিষ্যতে চামচামি করলে আমাকে গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দেন।”
হুমকি দেওয়ার কথা অস্বীকার করে মেয়র কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এই কারণে তাকে শাসন করা হয়েছে।”
বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি সেলিম।
