২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

বাগমারায় ১৬ ইউপির ভোট সোমবার, ১১৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার। গত ৭ মে এসব ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল; কিন্তু সহিংসতার আশঙ্কায় দুইদিন আগে ভোট স্থগিত করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

মোট ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

রোববার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে বলে নির্বাচন অফিস জানিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি জানান, ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন দুই লাখ ৪২ হাজার ৫২৪ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২০ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার এক লাখ ২২ হাজার ৯৩ জন।

রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২টি অধিক ঝুঁকিপুর্ণ, যেগুলোতে অতিরিক্ত একজন করে এসআই দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন বাগমারায় আইনশৃঙ্খলা বাহিনীর চার হাজার ৬০০ জন সদস্য কাজ করবেন। এর মধ্যে পুলিশ রয়েছেন এক হাজার ৩৭৬ জন। বাকিরা হলেন বিজিবি, র‌্যাব ও আনসার-ভিডিপি সদস্য।

এছাড়াও প্রতিটি ইউনিয়নে দুইটি করে মোট ৩২টি স্টাইকিং টিম কাজ করবে। প্রতিটি টিমে একজন করে ম্যাজিস্টেট নেতৃত্ব দেবেন বলে জানান এসপি।