কবিরহাটে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে অনিয়মের অভিযোগে নোয়াখালীর কবিরহাটে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে আলীপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয় বলে জানান জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হলে এক লোক ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকে। এ সময় অনুকূল পরিবেশ না থাকায় ভোটগ্রহণ স্থগিত করে দেন প্রিজাইডিং কর্মকর্তা শামসুল ইসলাম।
“আর ব্যালট পেপার ছিনিয়ে বাক্সে রাখার অভিযোগে আলীপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেন প্রিজাইডিং কর্মকর্তা এনামুল হক।”
কেন্দ্র দুটির ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানান এ নির্বাচন কর্মকর্তা।
এর আগে কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহসহ চার জন আহত হয়।
এছাড়া জাল ভোট দেওয়ার দায়ে জহিরুল (২০) ও রুবেল (২২) নামে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
পৌরসভার নয়টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
