চুয়াডাঙ্গায় বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৩
চুয়াডাঙ্গার জীবননগরে বোমা হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিন জন হলো।
জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেকা বেগমের (৫০) মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার রাতে একই হাসপাতালে মারা যান মালেকার স্বামী শাহবুদ্দিন (৫৫) এবং ঘটনাস্থলে নিহত হন মোহাম্মদ আলী।
হামলায় আরেক আহত মোমিনুল হোসেন যশোর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে রেজাউল গোলদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি হুমায়ুন বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন মোহাম্মদ আলীসহ কয়েকজন। এ সময় হামলাকারীরা সেখানে ৩/৪টি বোমা ছুড়ে মারে।
“এতে ঘটনাস্থলে একজন নিহত হন ও এক নারীসহ তিনজন আহত হন।”
জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করলেও পুলিশ এখনও এ বিষয়ে নিশ্চিত নয় বলে জানান ওসি।
