১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ‘ডিবি পরিচয়ে’ অপহরণের পরে আহত যুবদল নেতা উদ্ধার

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী নিয়ে যায় পরিবার।

নাটোরে ‘ডিবি পরিচয়ে’ অপহরণের পরে আহত যুবদল নেতা উদ্ধার

স্থানীয় ও পরিবারের লোকজন তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 10:54 AM

Updated : 04 Nov 2023, 10:54 AM

নাটোরে লালপুরে এক যুবদল নেতাকে ‘ডিবি পরিচয়ে’ অপহরণের দেড় ঘণ্টা পরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে গোপালপুর মহিলা কলেজের পাশের খাদ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন।

আহত মাসুদ রানা (৪১) বিলমাড়িয়া ইউপির নাগশোসা এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বিলমাড়িয়ার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

ওসি উজ্জ্বল বলেন, আহতের পরিবারের সদস্যদের দাবি- রাত সাড়ে ১০টার দিকে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে মাসুদ রানাকে অপহরণ করা হয়। ‘ডিবি পরিচয়’ দিয়ে তাকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

“পরে তাকে এলোপাথাড়ি আঘাত করে মৃত ভেবে রাত সাড়ে ১১টার দিকে গোপালপুর মহিলা কলেজের সামনের খাদে ফেলে রেখে যায়।”

সেখানকার নাইট গার্ডের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী নিয়ে যায় পরিবার।

কারা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবু সাদাদ বলেন, “এ ব্যাপারে তদন্ত চলছে, আর উনিতো অসুস্থ। তদন্ত শেষ না হলে এখনও কিছু বলা যাচ্ছে না।”