২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালকসহ নিহত ৩

মুখোমুখি সংঘর্ষে পণ্যবাহী পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালকসহ নিহত ৩

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 11:58 AM

Updated : 23 Jan 2024, 12:41 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনি বোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী।

নিহতরা সবাই পিকআপের আরোহী ও হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

তারা হলেন, ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২৫), সন্ধাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫), আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)।

ওসি ওয়াজেদ বলেন, চিনিবোঝাই পিকআপটি হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল। পথে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“সংঘর্ষে পণ্যবাহী পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপটির চালক কামরুল ইসলাম, আহত হন দুই আরোহী।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দায়িত্বরত এসআই জাহাঙ্গীর আলম বলেন, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

ওসি ওয়াজেদ বলেন, পিকআপ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।