১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাকে মাটিতে ফেলে ‘মারধর’: ছেলে-পুত্রবধূসহ গ্রেপ্তার ৫

“নিজ মাকে কেউ এভাবে নির্যাতন করতে পারে ভিডিওটি না দেখলে বিশ্বাস হতো না।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 11:29 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় এক নারীকে মারধরের অভিযোগে তার ছেলে ও ছেলের বউসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে।

এর আগে ছেলে ও পুত্রবধূ মিলে ওই নারীকে বেদম মারধর ও নির্যাতন করার একটি ভিডিও ফেইসবুককে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে বলে এ পুলিশ কর্মকর্তা জানান ।  

গ্রেপ্তাররা হলেন- রামচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম, তার স্ত্রী সোনলী খাতুন (৩৫), শ্যালক মো. মনিরুজ্জামান টিপু, শ্যালিকা ফরিদা খাতুন ও মুর্শিদা খাতুন।

ভিডিওতে দেখা যায়, সোনালী তার ৭৫ বছর বয়সী শাশুড়িকে মাটিতে ফেলে মারধর করছেন। এরপর দ্বিতীয় দফায় ছেলে নজরুল বৃদ্ধা মাকে গলা টিপে ধরেন। এক পর্যায়ে তিনি মাকে তুলে আবার মাটিতে ফেলে দেন। এ সময় মারধরের শিকার ওই নারী প্রচণ্ড চিৎকার করে কাঁদছিলেন।

এ বিষয়ে সাঁথিয়ার ‘সচেতন মহলের’ প্রতিনিধি জয়নাল আবেদীন রানা বলেন, “নিজ মাকে কেউ এভাবে নির্যাতন করতে পারে ভিডিওটি না দেখলে বিশ্বাস হতো না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) রিজু তামান্না বলেন, “ফেইসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল যায়।

“পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের আটক করা সম্ভব হয়।”

ওসি আনিসুর রহমান বলেন, এ ঘটনায় মারধরের শিকার ওই বৃদ্ধার আরেক ছেলে ফজলুল হক বাদী হয়ে সাঁথিয়া থানায় মোট ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার পাঁচজনকে রোববার দুপুরের মধ্যে আদালতে তোলা হবে বলে জানান তিনি।