Published : 17 Apr 2026, 07:46 PM
পুরাতন বছর বিদায় এবং নতুন বছর বরণে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জল উৎসব।
মারমা সংস্কৃতি সংস্থা-মাসস শুক্রবার রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

উৎসবে বিভিন্ন উপজেলা ও পাড়া-মহল্লা থেকে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। তারা একে অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসবে মেতে ওঠেন। মারমা ঐতিহ্য অনুযায়ী, জলকেলির মাধ্যমে পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও অপশক্তিকে ধুয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
মারমা জাতিগোষ্ঠী ছাড়াও চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এই উৎসব আসেন এবং অংশ নেন।

উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না। বাংলাদেশ যদি এগিয়ে যায় শুরুতে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হতে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে যতগুলো জাতিগোষ্ঠী রয়েছে তাদের কাউকে সুষম উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। আমরা বিশ্বাস রাখতে পারি, এই সরকার আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক। আমাদের সবার সহযোগিতার হাত বাড়াতে হবে।”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি যেমন পুরো বাংলাদেশে তুলে ধরতে চাই; একই সঙ্গে পুরো পৃথিবীর সামনে আমরা দেখাতে চাই, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সংস্কৃতি কতটা সমৃদ্ধ। আমাদের সরকার এই পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে একটা উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ব।”

মাসস সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।