২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর যাবজ্জীবন

২০২৫ সালের ২৭ মার্চ মেয়েটি ধর্ষণের শিকার হন বলে জানিয়েছেন পিপি।

জয়পুরহাটে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর যাবজ্জীবন

জয়পুরহাট আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 04:37 PM

Updated : 29 Sep 2026, 04:37 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধর্ষণের ফলে ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জিনাত ফেরদৌসী রীনি।

দণ্ড পাওয়া ৫৫ বছর বয়সি হামিদুল শেখ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি জিনাত ফেরদৌসী বলেন, “২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি বাড়ির আঙিনা ঝাড়ু দিচ্ছিল। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

তিনি বলেন, ঘটনার প্রায় পাঁচ মাস পর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একই বছরের ১৯ অগাস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি জিনাত ফেরদৌসী।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।