Published : 13 Jan 2026, 02:01 PM
পাবনার সুজানগরে এক যুবককে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে তাঁতীবন্দ রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বলে সুজানগর থানার ওসি ফইম উদ্দিন জানিয়েছেন।
নিহত ২৩ বছর বয়সী সাগর শেখ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাশামপুর গ্রামের মতিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সোমবার গভীর রাতে তাঁতীবন্দ রেলস্টেশন সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির পাশে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় ‘চোর’ সন্দেহে ধাওয়া দিয়ে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি ফইম উদ্দিন বলেন, “নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত তদন্তের পর জানা যাবে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনশৃঙ্খালা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।