মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
কোস্টগার্ড বলছে, হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট নিয়ে মিয়ানমারে যাচ্ছিল পাচারকারীরা।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বিজিবি। এ সময় তিনটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে শাহপরীর দ্বীপ জেটিতে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাবির আলম সুমন জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় শনিবার নৌ-বাহিনী ও কোস্টগার্ড এ অভিযান চালায়।
তিনি বলেন, “অভিযান চলাকালীন সেন্টমার্টিন সমুদ্র এলাকায় সন্দেহজনক তিনটি ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত তিনটি ট্রলার।
“পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা মাছ ধরার তিনটি ট্রলারে করে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নির্দিষ্ট গন্তব্যে সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছিল।”
জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত তিনটি ট্রলার এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে লেফটেন্যান্ট কমান্ডার সাবির আলম সুমন জানিয়েছেন।
পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
