১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দাবি আদায় করেই ঘরে ফিরব: কুমিল্লার পথসভায় শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচিতে কুমিল্লায় পৃথক তিনটি পথসভার আয়োজন করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 04:12 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন জামায়তে ইসলামীর আমির শফিকুর রহমান। 

তিনি বলেছেন, “আজকে আমরা কেবল কর্মসূচি শুরু করলাম। প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের লং মার্চ যাবে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে। দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।”

শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়তের আমির এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই কর্মসূচিতে কুমিল্লায় পৃথক তিনটি পথসভার আয়োজন করা হয়েছে। 

দাউদকান্দি, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামে অনুষ্ঠিত এসব পথসভায় বক্তব্য দিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর বার্তা দেন।

তিনি বলেন, “দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। গণভোটের রায় বাস্তবায়নসহ দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লং মার্চে নেমেছি। সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। মাদক টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে। ”

এসব পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম প্রমুখ। 

লং মার্চকে কেন্দ্র পথসভাগুলোয় ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের নীতির প্রতিবাদ জানান এবং জনগণের বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

পরে লং মার্চের গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে এ লং মার্চ কর্মসূচি শেষ হবে।

গত ৬ অগাস্ট ঢাকার মুক্তাঙ্গনে জোটের এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ ও মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জোটের শীর্ষ নেতা শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবারের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লং মার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:   

লং মার্চ সরকারের জন্য 'ওয়েক-আপ কল': জামায়েত নেতা তাহের

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান

জামায়াত জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু