১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এক মাসের মধ্যে ফরিদপুরের সব ইউনিটের বিএনপির কমিটি গঠনের নির্দেশ

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সম্মেলনের জন্য সভা ডাকা হয়েছে, বলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

এক মাসের মধ্যে ফরিদপুর জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। না হলে জেলা কমিটি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত  চিঠিটি ২ জুন জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে পাঠানো হলেও বিষয়টি জানাজানি হয় এর আট-নয় দিন পর।   

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, “কেন্দ্র থেকে আমরা সম্মেলনের জন্য চিঠি পেয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সম্মেলনের জন্য জেলা কমিটি আগামী ১৬ জুন সভা ডেকেছে। সেই সভাতেই সম্মেলন আয়োজনের বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে।”  

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেন, “এ জেলার অধিকাংশ কমিটিই দীর্ঘদিনের, বহু আগেই সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বিএনপির যারা নেতৃত্বে ছিলেন, তারা নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারেননি বা চেষ্টাও করেননি।”

স্বল্প সময়ে জেলা সম্মেলনের প্রস্তুতি, ইউনিয়ন ও উপজেলার কমিটি গঠন প্রসঙ্গে ফরিদপুর বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, “কেন্দ্র থেকে আমাদের ওপর যে নির্দেশনা দিয়েছে, সে মোতাবেক কাজ করার জন্য ইতোমধ্যেই আমরা জেলার সভা আহ্বান করেছি। এ সভা থেকেই সিদ্ধান্ত নেব, কীভাবে দ্রুততম সময়ের মধ্যে কমিটিগুলো গঠন করা যায়।”

এদিকে, জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে নেতাকর্মীরা চাঙা হয়ে উঠছেন। 

দীর্ঘদিন পর জেলা ও মহানগরের সম্মেলনকে ঘিরে উপজেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যভাব লক্ষ্য করা গেছে।