কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি
চর মেখলীর মানুষের দুর্দশা নিরসনে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর মেখলী ওয়ার্ডের বাসিন্দারা মানববন্ধন থেকে এই দাবি জানান। ‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম’ নামে এক সংগঠনের সহযোগিতায় এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভুক্তভোগীরা বলেন, ধরলা নদীর ভাঙনে তাদের বসতভিটা, শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। প্রতি বছর ভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে তাদের।
চর মেখলী ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস আলী বলেন, নির্বাচনের সময় তিনি এলাকার মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পরও তার ওয়ার্ডের শত শত বিঘা জমি ধরলা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি দ্রুত চর মেখলীর মানুষের দুর্দশা নিরসনে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম’ এর প্রতিনিধি সীমা খাতুন বলেন, চর মেখলী একটি অবহেলিত এলাকা। নদীভাঙন রোধে এখানে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি।
