১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়ও বৃদ্ধি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্যে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে সভার পর ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের এক জরুরি সভায় এ প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, “যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে সেহেতু অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, বর্তমানে স্নাতক (অনার্স) কোর্সে প্রতিপত্রে ফি ৩৫০ টাকা, ইনকোর্স প্রতি পরীক্ষায় ফি ১৫০ টাকা, স্নাতক (পাস) কোর্সে প্রতি পত্রে ১৫০ টাকা, প্রতি ইনকোর্স পরীক্ষার ফি ২০০ টাকা। 

এছাড়া প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে কেন্দ্র ফি বাবদ ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে।

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি 

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

তবে যেসব শিক্ষার্থী এ বছরের ২২ অক্টোবরের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা/আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছেন শুধুমাত্র সেসব শিক্ষার্থীরা পরিবর্তিত তারিখ অনুযায়ী ফরম পূরণ করতে পারবে। 

ফরম পূরণের সময় অন্যান্য ফি এর অতিরিক্ত পাঁচ হাজার টাকা বিলম্ব ফি জমা দিতে হবে শিক্ষার্থীদের।  

এছাড়া পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে।

তিনি আরও বলেন, নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে। 

কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করতে হবে ৮ নভেম্বরের মধ্যে। আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমার শেষ তারিখ ৯ নভেম্বর।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি, তারাও এই সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

এছাড়া ২১ সেপ্টেম্বর প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।