সীমান্তে চোরাচালান: শিবগঞ্জে ২ ভারতীয়সহ তিনজন আটক
“ভোর হয়ে যাওয়ায় ফিরে যেতে না পেরে পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকেন দুই ভারতীয় নাগরিক,” বলেন বিজিবির মুস্তাফিজুর রহমান।
গরু চোরাচালান ও অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির একটি টহল দল মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করে।
আটক তিনজন হলেন— ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের মো. আব্দুল কাদির ও মো. দেলোয়ার হোসেন এবং শিবগঞ্জের তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মারুফ।
মুস্তাফিজুর রহমান জানান, বুধবার ভোর ৪ টার দিকে গরু নিয়ে দুজন ভারতীয় নাগরিক কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশের ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করেন।
তিনি বলেন, ভোর হয়ে যাওয়ায় ফিরে যেতে না পেরে পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকেন দুই ভারতীয় নাগরিক। পরে সহযোগী মো মারুফের বাড়িতে আশ্রয় নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটক তিনজনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয় বলেও জানান ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক।
