১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ঢাকায় গ্রেপ্তার

তার বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে, বলছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 11:47 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বগুড়ার যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানিয়েছেন।  

গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মজিবর রহমান সরকারের ছেলে।

ওসি ইকবাল বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। তিনি দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি৷

গত ৫ অগাস্টের পর তার বিরুদ্ধে নতুন করে একাধিক হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে রোববার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি।