Published : 26 Dec 2025, 06:55 PM
পাহাড়ের উঁচুতে আবার উপত্যকায়। আঁকাবাঁকা খাড়া পাহাড়ি পথে ছুটছে ডার্ট বাই ও রেইস বাইক। কুমিল্লার লালমাই পাহাড়ে বাইকারদের নিয়ে হয়ে গেল ‘ট্র্যাক ট্রেইল রেস’; যা দেশে প্রথমবার বলে দাবি আয়োজকদের।
চালকরা মোটরসাইকেল রেস করিয়েছেন ডার্ট সেগমেন্টে, আবার কেউ চালিয়েছেন কমিউটার সেগমেন্টে। দুই ধরনের মোটরসাইকেল নিয়ে প্রায় ৭০ বাইকার এতে অংশগ্রহণ করেন।
ফিউরিয়াস মটো ক্লাবের উদ্যোগে বাইকার্স মেগা ক্যাম্পিং সিজন-১০-এর আয়োজনে অংশ নিয়েছে দেশের সহস্রাধিক পেশাদার ও অপেশাদার বাইক চালক। ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী লালমাই পাহাড়ের ল্যাকল্যান্ডে এ রেসের আয়োজন করা হয়।
বাইকার্স মেগা ক্যাম্পিংয়ে অংশ নেওয়া বাইকাররা ট্রেইল রেইসে অংশ নেওয়ার পাশাপাশি পাহাড়ে তাঁবু খাটিয়ে ক্যাম্প করে রাত কাটিয়েছেন। সেখানে ক্যাম্পিং রাউন্ডে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

ফিউরিয়াস মটো ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মালেক খসরু উষা বলেন, “এ নিয়ে অন্তত ১০ বারের মত সারা দেশের বাইকারদের নিয়ে ফিউরিয়াস বাইকার্স মেগা ক্যাম্পিং অনুষ্ঠিত হলো। দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশ থেকেও বেশ কয়েকজন বাইকার এসেছেন।
“ট্রেইল রেইস গত তিন সিজনে হলেও এবার বড় পরিসরে পেশাদার ৭০ বাইকারকে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে সবচেয়ে কম সময়ে যিনি ট্র্যাক শেষ করতে পেরেছেন তাকে বিজয়ী ঘোষণা করা হয়।”
বাইকার সোহেল ভূঁইয়া বলেন, “এখান থেকে আমরা নিরাপদে বাইক চালানোর অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। যারা এখানে আসেন তারা যেন নিরাপদে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়া-আসা করতে পারেন সে সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।”
ডার্ট বাইক নিয়ে ফিউরিয়াস ট্রেইল ট্র্যাকে অংশ নেওয়া নোয়াখালীর বাইকার মাহির বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোতে ট্র্যাক ট্রেইলের প্রতিযোগিতা পুরোদমে শুরু হয়েছে। এটা আমাদের জন্য একটি সুযোগ, লালমাই পাহাড়ে ফিউরিয়াস করে দিয়েছে, আমরা এখন থেকে চাইলে পেশাদারভাবে বাইক ট্রেইল রেস শুরু করতে পারব।”

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী বাইকার ঋদ্ধি ও রায়হান জানান, দিন শেষ বাইকাররা এই দিনের জন্য অপেক্ষা করেন। বাইকারদের এমন মিলনমেলা সারা দেশে আর কোথাও হয় না। এখানে বিভিন্ন নামিদামি বাইকার্স কোম্পানি, পার্টস অ্যান্ড ইকুইপমেন্ট এবং গ্যাজেট-গিয়ার কোম্পানিগুলো এসেছে। বাইকাররা চাইলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে জানতে পারেন।
পৃথিবীর অন্যান্য দেশে প্রায় এমন আয়োজন হলেও বাংলাদেশে এ আয়োজন এবার বড় পরিসরে করা হয় লালমাই পাহাড়ে।
সম্প্রতি মাউন্ট এভারেস্টের পাঁচটি দুর্গম ‘ট্রেইল পাস’ অতিক্রম করেছেন আরিফুর রহমান উজ্জ্বল।
বাইকারদের মিলনমেলায় অংশ নিয়ে তিনি বলেন, এমন আয়োজন শুধু খেলাধুলা নয় বরং নিরাপদ বাইক চলাচলে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে। সারাদেশে প্রতিবছর সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল চালক ও আরোহীরা।
এখান থেকে নিরাপদে মোটরসাইকেল চালানোর নিয়ম-কানুন শিখে বাইকাররা নিরাপদে যাতায়াত করতে পারবেন বলে মনে করেন আরিফুর রহমান।